বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বিদ্যমান শূন্যতা পূরণ করবে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে বাস্তব অর্থেই একটি রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণের সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরা রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে আরও মসৃণ করবে।”
দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর আজ দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট পৌঁছে। সেখান থেকে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তার নিরাপত্তার দায়িত্ব বিএনপি দেখভাল করছে এবং সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। এছাড়া তিনি যোগ করেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ আচার-অনুষ্ঠান পালন করতে পারে—এটাই সত্যিকারের গণতন্ত্র।”





